
ধর্ম অবমাননার অভিযোগে ব্লগার জাহিদ হাসানের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটের বালাগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারী ২০২৬ বালাগঞ্জ উপজেলা ইসলামী যুবসমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বালাগঞ্জ ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে বালাগঞ্জ জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, জাহিদ হাসান নিজেকে ব্লগার, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী হিসেবে পরিচয় দিলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও লেখালেখির মাধ্যমে বিভিন্ন সময় ধর্মবিশ্বাস নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এতে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন।
তারা জানান, ২০২২-২৩ সাল থেকেই এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলেও সংশ্লিষ্ট ব্যক্তি তা অব্যাহত রেখেছেন। এ কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহিদ হাসানের পিতা মো. লেবু মিয়া, ইসলামী যুবসমাজ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ইসমাইল রেজা, সাধারণ সম্পাদক মীর লিটন এবং উত্তর গৌরিপুর ইউনিয়নের ছাত্রশিবির সভাপতি বাপ্পি চৌধুরীসহ স্থানীয় কয়েকজন আলেম ও সামাজিক ব্যক্তিত্ব।
এ সময় জাহিদ হাসানের পিতা মো. লেবু মিয়া বলেন,
“আমি আদালতের মাধ্যমে আমার ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। তার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি চলছে। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও সে পলাতক রয়েছে।”
বাপ্পি চৌধুরী বলেন,
“আমরা শুনেছি তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত তাকে গ্রেপ্তার করা হোক।”
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, ধর্ম অবমাননার অভিযোগে দ্রুত তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে এবং এ ধরনের কর্মকাণ্ড রোধে কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করতে।
এ বিষয়ে অভিযুক্ত জাহিদ হাসানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।