সিলেট ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

কাজের মাধ্যমেই ভালোবাসার প্রতিদান দেবো : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
কাজের মাধ্যমেই ভালোবাসার প্রতিদান দেবো : আরিফুল হক চৌধুরী

Oplus_16908288

নিউজ ডেস্ক :

সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে গিয়ে তিনি মানুষের যে ভালোবাসা পেয়েছেন, তা অভূতপূর্ব। কাজের মাধ্যমেই তিনি সেই ভালোবাসার প্রতিদান দিতে চান।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আরিফুল হক চৌধুরী বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠন এখন সময়ের দাবি। যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং প্রতিটি নাগরিক ন্যায্য অধিকার পাবে। রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবার জন্য—এই বিশ্বাস থেকেই তিনি রাজনীতি করেন। এমন একটি সমাজ গড়তে হবে, যেখানে মানুষ নির্ভয়ে মত প্রকাশ করতে পারবে এবং ধনী-দরিদ্র, দল-মত নির্বিশেষে সবাই সমান রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবে।

 

তিনি আরও বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে কেউ অবহেলিত থাকবে না। মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচার হবে আমাদের পথচলার মূল ভিত্তি।

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে এই বিশাল জনপদে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। উন্নয়নের মহাসড়কের নামে এলাকাকে মহাগর্তে পরিণত করা হয়েছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালু করা, প্রতিটি নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা, কৃষিযন্ত্রপাতি সরবরাহ, বিশুদ্ধ খাবার পানি এবং আধুনিক স্বাস্থ্যসেবা প্রদান—এসবই হবে তার প্রধান অগ্রাধিকার।

 

তিনি বলেন, সিলেট-৪ আসনের উন্নয়নের দায়িত্ব তারেক রহমানের হাতে। বিএনপি ক্ষমতায় গেলে তিনি প্রধানমন্ত্রী হবেন। নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এই অঞ্চলের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে এক বছরের মধ্যেই পরিবর্তনের দৃশ্যমান অগ্রগতি মানুষ দেখতে পাবে।

 

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনাম আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

 

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, শ্রমিকদল, তাঁতীদল, মুক্তিযোদ্ধা দল ও জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।