সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপির
সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপির
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (নগর ও সদর) আসনের নির্বাচনকে ঘিরে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ উঠেছে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং সিলেট মহানগর পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। একই সঙ্গে অভিযোগপত্রের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক প্রচার শুরুর পর থেকেই এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী বিএনপির কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি করছেন এবং এতে প্রার্থীর স্বাভাবিক প্রচার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি তিনি অপর এক প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন বলেও অভিযোগ করা হয়।
এতে করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে সংশ্লিষ্ট থানার আওতাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন,
“নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আমরা ওসি মোবাশ্বির আলীর ভূমিকার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি। একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে আমাদের কর্মীদের ওপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে। এসব অনিয়মের প্রতিকার চেয়ে আমরা লিখিত আবেদন করেছি।”