সিলেট ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ১টি চোরাই বাইক 

প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ
কোতোয়ালী থানার বিশেষ অভিযানে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ১টি চোরাই বাইক 

নিউজ ডেস্ক :

সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশন এলিগ্যান্ট শপিং সিটির সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ৭ এপ্রিল কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-১৩) দায়ের করা হয়, যা পেনাল কোডের ৩৭৯ ধারায় রুজু করা হয়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শহিদুল ইসলাম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করেন। পরবর্তীতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টায় উপশহর এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সরদার কয়েছ আহমেদ তালুকদার (৩৫)-কে গ্রেফতার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে সিলেট বিভাগের মোটরসাইকেল চোরদের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ বলে দাবি করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানাধীন জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে।

 

এর ধারাবাহিকতায় ১০ এপ্রিল সকাল আনুমানিক ১০টায় জৈন্তাপুর থানা এলাকা থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম সদস্য আকাশ আহমদ (২৪)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি অবৈধ সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।