সিলেট ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

নগরীতে জালালাবাদ ইমাম সমিতির মানববন্ধন হাফিজ নাঈমকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে

প্রকাশিত জুন ২৮, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
নগরীতে জালালাবাদ ইমাম সমিতির মানববন্ধন  হাফিজ নাঈমকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে

ফ্যাসীবাদী আমলের দায়ের করা ষড়যন্ত্রমূলক সুরঞ্জিত সেনগুপ্ত হত্যার চেস্টা মামলায় হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মৃত্যুদন্ড রায় দেওয়ার প্রতিবাদে জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে ২৮ জুন রবিবার নগরীর কোর্টপয়েন্টে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

সমিতির সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা মুফতি রশিদ আহমদের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তাগণ বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অন্য সকল আসামীকে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি দিলেও কেবল একজন আলেম হওয়ার কারণে কোনো সাক্ষী ছাড়াই হাফিজ মাওলানা নাঈম আহমদকে মৃত্যুদন্ড রায় দেওয়া হয়েছে| বক্তাগণ বলেন, ফ্যাসীবাদী আমলের ষড়যন্ত্রমূলক এই মামলার ফ্যাসীবাদী রায় হয়েছে, এই রায়ে ন্যায় বিচারের প্রতিফলন হয় নাই| জনগণ এই রায়কে প্রত্যাখ্যান করেছে। বক্তাগণ হাফিজ নাঈম আহমদকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুস সুবহান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুফতি সাঈদ আহমদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, সৈয়দ সালিম কাসেমী, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, মুফতি মাওলানা মাহফুজ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হামীদ, মাওলানা ইবরাহীম আলী, মাওলানা ইসমত উল্লাহ, মাওলানা আফতাবুজ্জামান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা নুরুল ইসলাম সুরাইঘাটী, মাওলানা ফখর উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি