
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের কারাগারগুলোতে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। সকাল, দুপুর ও রাতে উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
কারা সূত্র জানায়, ঈদের দিন বন্দিদের জন্য নির্ধারিত মেন্যু অনুযায়ী সকালে পায়েস বা সেমাইয়ের সঙ্গে মুড়ি পরিবেশন করা হবে। দুপুরে থাকবে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও মাছ। এছাড়া পান ও সুপারির ব্যবস্থাও রাখা হয়েছে।
ঈদ উপলক্ষে এমন আয়োজনকে ঘিরে সিলেটের দুটি কারাগারে বন্দিদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। মানবিক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও এই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
সিলেটের অতিরিক্ত উপ কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. আমিরুল ইসলাম জানান, ঈদের আনন্দ কারাবন্দিদের মাঝেও ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঈদের পরের দিন বন্দিদের পরিবারের সদস্যরা বাড়ি থেকে খাবার এনে দিতে পারবেন। তবে সেসব খাবার পরীক্ষা-নিরীক্ষার পরই বন্দিদের মাঝে বিতরণ করা হবে এবং এ ক্ষেত্রে কঠোর নজরদারি থাকবে।
এদিকে, এবারের ঈদে বিশেষ বিবেচনায় সরকার কোনো বন্দিকে সাধারণ ক্ষমা দেয়নি। ফলে সিলেটের কারাগার থেকে কোনো দণ্ডপ্রাপ্ত কয়েদির মুক্তি হয়নি।