
বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজারে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ব্যবসায়ী বদরুল ইসলামের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে বিয়ানীবাজার প্রেসক্লাব-এ আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি হামলাকে ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বদরুল ইসলাম জানান, তিনি তিলপাড়া ইউনিয়নের দাসউরা রজব গ্রামের বাসিন্দা। পূর্ব শত্রুতার জেরে রাজনৈতিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার সময় তার কাছে থাকা নগদ ৪ লাখ ৮৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় তিনি বাদী হয়ে দাসউরা গ্রামের ফেরদৌস আহমদ (৩২), জুবের আহমদ (৩০), হোসাইন আহমদ (২৪) ও ইয়াহিয়া আহমদ (২০)-এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তবে অভিযোগ করে বলেন, মামলা দায়েরের পরও পুলিশি সহযোগিতা প্রত্যাশিত মাত্রায় পাননি। অভিযুক্তরা আদালত থেকে জামিনে বের হয়ে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।
বদরুল ইসলামের দাবি, একটি কাজের মেয়েকে উত্যক্ত করার ঘটনায় সালিশে ভূমিকা রাখায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি-এর সভাপতি রেজাউল করিম শামীম, সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।
সমিতির নেতারা বলেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে ব্যবসায়ী সমাজ কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।