সিলেট ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে ২৪ ঘণ্টায় র‌্যাব-পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ণ
সিলেটে ২৪ ঘণ্টায় র‌্যাব-পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে মাত্র ২৪ ঘণ্টায় র‌্যাব ও পুলিশের যৌথ ও পৃথক অভিযানে চুরি, মাদক, চোরাচালান ও জুয়া সংশ্লিষ্ট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চুরি মামলার আসামি মাজার এলাকা থেকে গ্রেপ্তার

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণ থেকে নিজাম উদ্দিন ওরফে মিন্টু (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, সিডিএমএস যাচাই করে দেখা গেছে—তিনি অন্তত চারটি চুরির মামলার অভিযুক্ত।

মাদকসহ আটক জীবন মিয়া

বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মওলারপাড় এলাকায় অভিযান চালিয়ে জীবন মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

তার হেফাজত থেকে ৭২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছেন।

চোরাই ভারতীয় পণ্যসহ দুইজন আটক

শুক্রবার সকাল ৯টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।

তারা হলেন মো. আলী হোসেন ওরফে করিম (৪৮) এবং মো. আল-আমিন ব্যাপারী (৩০)।

তাদের ব্যবহৃত হাইয়েস গাড়ি থেকে জব্দ করা হয় প্রায় ২৭০ কেজি ভারতীয় জিরা, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা।

জৈন্তাপুরে প্রসাধনী ও মাইক্রোবাস জব্দ

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এ ঘটনায় রবিউল হাসান (২৫), সাহাদৎ হোসেন (১৯), অন্তর (১৯) ও আলীমুর রাজি (৩২) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জব্দকৃত মালামাল ও গাড়ির আনুমানিক মূল্য প্রায় ২৪ লাখ ৭৭ হাজার টাকা।

নগরীতে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

এদিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।

দক্ষিণ সুরমার বাস টার্মিনাল এলাকা ও কোতোয়ালীর বাগবাড়ি পশ্চিম কাজলশাহ সোনারবাংলা আবাসিক এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আইনি ব্যবস্থা

গ্রেপ্তারকৃত সবাইকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব ও পুলিশের গণমাধ্যম কর্মকর্তারা।