সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় মাজহারুল ইসলাম রানা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে তার বন্ধু মো. লিজান (১৪)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে নগরের বালুচর সড়কের মাদানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজহারুল ইসলাম নগরের উপশহর সি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ রাজু মিয়ার ছেলে। আহত লিজান উপশহর বি-ব্লকের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাজহারুল ইসলাম রানা মারা যায়। গুরুতর আহত লিজানকে উদ্ধার করে একটি সিএনজি অটোরিকশাযোগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের বাবা মোহাম্মদ রাজু মিয়া বলেন, ছেলের দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসি।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেলে দুই কিশোর আরোহী ছিল এবং বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।