সিলেট ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, শঙ্কার কোনো কারণ নেই : এসএমপি কমিশনার

প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ
সিলেটে নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, শঙ্কার কোনো কারণ নেই : এসএমপি কমিশনার

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : 

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বিভিন্ন ভোটকেন্দ্রের বুথ ও ভোটকক্ষ পরিদর্শন করেছেন।

 

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

কমিশনার বলেন, অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো ইতোমধ্যে পরিদর্শন সম্পন্ন হয়েছে এবং কয়েকদিন ধরে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত মহড়া চালানো হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন এবং সাধারণ কেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

 

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ৬৬টি মোবাইল টিম, ১২টি স্ট্রাইকিং টিম ও ২টি স্ট্যান্ডবাই টিম কাজ করবে বলে জানান তিনি। এছাড়া জিনিয়া অ্যাপের মাধ্যমে প্রতিটি কেন্দ্র থেকে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করা হবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে অ্যাপের মাধ্যমে নিকটবর্তী মোবাইল টিম স্বয়ংক্রিয়ভাবে ঘটনাস্থলে পৌঁছাবে।

 

তিনি আরও বলেন, ছয়টি থানার আওতায় ১০টি ড্রোন সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। কোথাও অবৈধ জমায়েত বা অস্ত্র নিয়ে অবস্থানের চেষ্টা হলে আগেভাগেই তা শনাক্ত করা সম্ভব হবে।

 

সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা প্রসঙ্গে এসএমপি কমিশনার জানান, সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কেউ ভোট দিতে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

 

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিম লিপফ্রগ পদ্ধতিতে টহল দেবে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যরাও মাঠে থাকবে।

 

এসএমপি কমিশনার বলেন, দীর্ঘদিন পর ভোটকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং একটি সুষ্ঠু, সুন্দর ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।