
নিজস্ব প্রতিবেদক :
বোরকা নিয়ে আলোচিত বক্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি দাবি করেছেন, তিনি কখনোই বোরকা খুলে ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলেননি। বরং তার বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “আমি কখনো বলিনি যে নারী ভোটারদের বোরকা খুলে কেন্দ্রে আসতে হবে। আমি শুধু বলেছি, ভোট গ্রহণের সময় যেন তাদের মুখমণ্ডল শনাক্ত করা যায়—এই বিষয়টি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা যাতে ভোটারের পরিচয় নিশ্চিত করতে পারেন, সে কথাই আমি বলেছি। কিন্তু সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।”
আরিফুল অভিযোগ করেন, একটি বক্তব্যে স্থানীয় এক আলেমের কণ্ঠ ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে। তবে সংশ্লিষ্ট আলেম পরে ভিডিও বার্তায় জানিয়েছেন, সেটি তার বক্তব্য নয়।
তিনি বলেন, “আমি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের মা-বোনদের বলতে চাই—আমি নিজেও একজন মুসলিম। কোনো মুসলমানই পর্দার বিরোধিতা করে না। আপনারা উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।”
প্রসঙ্গত, এর আগে বুধবার বিকাল সোয়া ৩টার দিকে জামায়াতের একটি প্রতিনিধি দল সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলমের কাছে অভিযোগ করে যে, আরিফুল হক চৌধুরী নারী ভোটারদের বোরকা পরে ভোটকেন্দ্রে যাওয়ার বিরোধিতা করেছেন। সেই অভিযোগের জবাব দিতেই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন আরিফুল হক চৌধুরী।