সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
প্রকাশিত জুন ২৬, ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা স্টেডিয়াম ভেন্যুতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাসব্যাপী কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারী তরুণ ফুটবলারদের মাঝে আনুষ্ঠানিক সনদপত্র বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন বয় খ্যাত সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফুটবল কোচ মহসিন আলী, ফুটবল কোচ কামরুল ইসলাম, ফুটবল কোচ সোহেল আহমেদ, ফুটবল কোচ খালেদ আহমেদ, ফুটবল কোচ হাবিবুর রহমান রিপন, ক্রীড়া সংগঠক ও সিনিয়র অ্যাথলেটিক্স প্রশিক্ষক দীপাল কুমার সিংহ, প্রমীলা কোচ তানিয়া রহমান, ক্রীড়া প্রশিক্ষক তোফায়েল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়াসংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো: নূর হোসেন বলেন আমাদের মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে দক্ষ ফুটবলার তৈরি করা। ‘ক্রীড়াহলে পেশা, পরিবার পাবে ভরসা’— এই ¯েøাগানটি প্রমাণ করে যে খেলাধুলা এখন আর কেবল বিনোদন নয়, একে পেশা হিসেবে বেছে নেওয়ার চমৎকার সুযোগ তৈরি হয়েছে। এই মাসব্যাপী প্রশিক্ষণ তরুণদের ফুটবলীয় দক্ষতার পাশাপাশি তাদের মাঝে শৃঙ্খলা ও পেশাদারিত্বের মানসিকতা গড়ে তুলেছে। ভবিষ্যতে সিলেট থেকে আরও অনেক তারকা ফুটবলার দেশের বুকে সুনাম কুড়াবে বলে আমার বিশ্বাস। বিজ্ঞপ্তি