সিলেট ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ণ
ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক :

ঈদের আগে শিল্প–কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তবাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।

 

এ সময় প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, দেশের বাইরে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার। আগামী এক মাসের মধ্যে এর সুফল পাওয়া যাবে। তিনি জানান, স্পেনে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পৌঁছানোর বিষয়েও কাজ চলছে।

 

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণের কাজ চলছে। এবারের কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। জিরো টলারেন্স নীতিতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের বড় চ্যালেঞ্জ।

 

মতবিনিময় শেষে বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী নদীভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী এলাকা পরিদর্শন করেন। আর প্রবাসীকল্যাণ মন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন।